দেশের বিভিন্ন স্থানে ছওয়াবের কোরবানির গোশত বিতরণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে দুই হাজারের বেশি নিম্ন আয়ের পরিবার, বিধবা, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে ছওয়াব। বিদেশী দাতা সংস্থার অনুদানে ঢাকার ৪০ ফিট, বসিলা গার্ডেন সিটিতে ঈদের তৃতীয় দিনে কোরবানির এই গোশত দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে কোরবানি কার্যক্রম সম্পন্ন করা হয়। এই কোরবানি কার্যক্রমে তুরস্কের একজন দাতা সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়া দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী ধারাবাহিক কোরবানি প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। সেখানে ছয় হাজারের বেশি উপকারভোগীর মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতেও কোরবানির গোশত বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার সদর উপজেলা প্রশাসন, ডিসি অফিসের এনজিও সেল এবং সংশ্লিষ্ট ইউএনও’র সাথে সমন্বয়ের মাধ্যমে সব কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এক বিবৃতিতে বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছওয়াব সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির এ কার্যক্রম পরিচালিত হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে কোরবানির আনন্দ সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের ঘরে পৌঁছে দেয়া।