ক্রীড়া প্রতিবেদক
২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই জয়লাভ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারে বেশ বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। এরপর সময় পেরিয়েছে অনেকটা, পাকিস্তানের টেস্ট দলও পেয়েছে কিছুটা নতুন আদল। মিরপুরে নিবিড় অনুশীলন করছে শান মাসুদের দল। সংবাদ সম্মেলনে এসেছিলেন অভিজ্ঞ পেসার শাহীন শাহ আফ্রিদি। জানালেন, তাদের স্বপ্নের সীমানা আরো উঁচুতে, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি অতীত অতীতই। আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। কেবল কোনো একটা সিরিজ নিয়েই না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্য নিয়ে ভাবছি। আমাদের দলীয় লক্ষ্য আরো বেশি।’
নিজেদের লক্ষ্যের কথা জানান শাহীন, ‘যেকোনো দলের ঘরের মাঠের কন্ডিশন সফরকারীদের সাথে সবসময়ই কঠিন হয়, কিন্তু আমরা কেবল একটি সিরিজের বাইরেও চিন্তা করছি। আমাদের লক্ষ্য হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, আমাদের ১০০ শতাংশ লক্ষ্য হলো কোয়ালিফাই করা এবং ফাইনালে খেলা। একটি দল হিসেবে আমরা প্রস্তুত এবং এটা বুঝি যে, এটি অর্জন করতে হলে আমাদের টেস্ট ফরম্যাটে সেরা ক্রিকেট খেলতে হবে।’
বাংলাদেশ সিরিজে সাবেক ক্রিকেটাররা আসছেন পাকিস্তানের কোচ হয়ে। পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের সাথে ব্যাটিং কোচ ও বোলিং কোচের দায়িত্বে থাকছেন আসাদ শফিক ও উমর গুল। সাবেক ক্রিকেটারদের কোচ হয়ে আসার এই সিরিজটা স্মরণীয় করতে চান পেসার শাহিন শাহ আফ্রিদি, তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। পাকিস্তান দলকে কোচিং করাচ্ছেন। আমরা সবাইকে সম্মান করি। সরফরাজ আহমেদ আমাদের সাথে খেলেছেন। আমি প্রথম ম্যাচ খেলার সময় তিনি অধিনায়ক ছিলেন। এগুলো মনে আছে। সবাইকে তিনি চেনেন। সবাই তার (সরফরাজ) সাথে কাজ করছে। একসাথে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। সিরিজটা স্মরণীয় করে রাখতে চাই।



