ইএমবিএ ফান্ড আত্মসাৎ

খুবির সহকারী রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

Printed Edition

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতে অভিযুক্ত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসুফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ইএমবিএ প্রোগ্রামের হিসাব থেকে ১৮ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা এবং দাফতরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইউসুফ রায়হানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এর আগে গত ১২ মে ইউসুফ রায়হানের বিরুদ্ধে ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের সই জাল করে ইএমবিএ ফান্ড থেকে অর্থ উত্তোলনের অভিযোগ প্রকাশ পায়। অভিযোগ ওঠে, শিক্ষার্থীদের সেমিস্টার ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ ব্যাংকে জমা না দিয়ে জাল সইয়ের মাধ্যমে তা উত্তোলন করা হয়েছে।