৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

Printed Edition
‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৭’ ঘোষণা উপলক্ষে হাবের সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত
‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৭’ ঘোষণা উপলক্ষে হাবের সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজ-৩ এ সর্বনি¤œ খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

গতকাল রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।

হাব মহাসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর সর্বমোট মূল্য সাত লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ)-এর সর্বমোট মূল্য পাঁচ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর সর্বমোট মূল্য পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও অ্যাজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।

প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পরে সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন হাব সভাপতি।

গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল সাত লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ পাঁচ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ পাঁচ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার বিশেষ প্যাকেজের ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে তিন হাজার ৫৪৫ টাকা। এর আগে মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়।