পীরগঞ্জ হাসপাতালে স্যালাইন ও ভ্যাকসিনের সঙ্কট

Printed Edition

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি হাসপাতালে জরুরি স্যালাইন ও ভ্যাকসিনের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে শিরায় দেয়া বিভিন্ন স্যালাইন এবং কুকুরে কামড়ানো রোগীর ভ্যাকসিনের অভাবে চরম বিপাকে পড়েছেন দুস্থ রোগীরা। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে দুই থেকে তিন শ’ রোগী চিকিৎসা নিতে আসেন। ইনডোরেও ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১৩০ জন রোগী। ভুক্তভোগীদের অভিযোগ, ডায়রিয়া বা জ্বরের মতো সাধারণ রোগের জন্য প্রয়োজনীয় কলেরা ও নরমাল স্যালাইনও হাসপাতাল থেকে মিলছে না। আখতার নামে এক রোগীর স্বজন জানান, গত দুই দিন ধরে বাইরে থেকে চড়া দামে স্যালাইন কিনে রোগীকে দিতে হচ্ছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ওয়ারিস ইয়াজদানি জানান, বর্তমানে কলেরা স্যালাইন, ডিএনএস ও হার্টম্যানসহ জরুরি সব স্যালাইনেরই ঘাটতি রয়েছে। জলাতঙ্ক বা কুকুরে কামড়ানো রোগীর ভ্যাকসিনও নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল বাসার সাইদুজ্জামান বলেন, নতুন অর্থবছরের বাজেট না পাওয়া পর্যন্ত এই সঙ্কট পুরোপুরি কাটানো কঠিন।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, তিনি বিষয়টি নিয়ে ইউএনও সাথে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবেন। পীরগঞ্জ ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, স্যালাইন সঙ্কট নিরসনে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।