সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ ৪ জেলে উদ্ধার

Printed Edition

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত আটক হয়েছে। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টকার্ড। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দু’টি বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুইজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

জানা যায়, ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি বিদেশী একনলা বন্দুক, দুইটি দেশীয় একনলা বন্দুক, ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর দুইজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত রবিউল শেখ (৩০) বাগেরহাটের রামপাল থানা এবং রাজন শরীফ (২০) বাগেরহাটের মোরলগঞ্জ থানার বাসিন্দা। রাজন শরীফ-করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, রাজন শরীফ- এর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।