সবচেয়ে বড় মানব ফুসবল

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বৃহত্তম মানব ফুসবল খেলার আয়োজন করেছে অন্টারিও লটারি অ্যান্ড গেমিং করপোরেশন। অন্টারিও প্রদেশটি কানাডার পূর্ব-কেন্দ্রীয় এলাকা যা যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা ঘেঁষে অবস্থিত।

অন্টারিওর এটোবিকোক হাম্বার পলিটেকনিক লেকশোর ক্যাম্পাস ওয়েস্টে ২৩ মে অনুষ্ঠিত এই আয়োজনে ২৫৪ জন অংশগ্রহণকারী বিশাল আকারের অনুভূমিক খুঁটি ধরে একটি ফুটবলকে একটি বড় আকারের গোলবারে লাথি মেরে প্রবেশ করানোর চেষ্টা করেন। এর নাম দিয়েছেন তারা ফুসবল। ১১ জুন থেকে এবার বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে কানাডাও ৪৮ দলের এই বিশ্বকাপের সহ-আয়োজক। দেশবাসীকে বিশ্বকাপ ফুটবলে আকৃষ্ট করতেই বিশাল এই ফুসবলের আয়োজন।

অন্টারিওর ক্রীড়ামন্ত্রী নিল লুমসডেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘ফুটবল হলো দলবদ্ধতা, শক্তি এবং সম্মিলিত অভিজ্ঞতার খেলা এবং মানব ফুসবলের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই প্রচেষ্টা সেই উপাদানগুলোকে একটি মজাদার ও অবিস্মরণীয় উপায়ে জীবন্ত করে তোলে। রেকর্ড সংরক্ষণকারী সংস্থাটি নিশ্চিত করেছে যে এই আয়োজনটি বিশ্বের বৃহত্তম মানব ফুসবল খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।