কিউবায় সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই ট্রাম্পের : লুলা

Printed Edition

আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা পোষণ করছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ওয়াশিংটনের হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে বৈঠকের পর ব্রাজিলিয়ান দূতাবাসে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

লুলা জানান, ট্রাম্পের কথাবার্তায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমি যা শুনেছি এবং আশা করি অনুবাদ ঠিক ছিল- তিনি বলেছেন কিউবায় হামলা বা আগ্রাসনের কথা তিনি ভাবছেন না। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।’ ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট আরো বলেন, ‘কিউবা সংলাপ চায়। তারা এমন একটি সমাধান চায় যাতে ১৯৫৯ সাল থেকে চলা অবরোধের অবসান হয়। এই অবরোধ কিউবাকে পুরোপুরি স্বাধীন দেশ হতে বাধাগ্রস্ত করেছে। এটি মানব ইতিহাসের দীর্ঘতম অবরোধগুলোর একটি।’