ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ইতোমধ্যে পেরিয়েছে ৪১। কিন্তু মাঠে এখনো ছুটে চলেছেন দুর্বার গতিতে। তরুণদের মতো পারফরম্যান্স দিয়ে সবাইকে তাক লাগিয়েই চলেছেন পর্তুগিজ সুপারস্টার। সেই ধারায় এবার সৌদি প্রো লিগে গড়লেন নতুন ইতিহাস। আল শাবাবের বিপক্ষে গত পরশু ৪-২ গোলে জয় পেয়েছে আল নাসর। স্বদেশী জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক। আর ম্যাচের ৭৫ মিনিটে একবার জালের দেখা পান সিআর সেভেন। আর তাতেই প্রো লিগে পূর্ণ করলেন গোলের সেঞ্চুরি। আর এই জয়ের ফলে প্রো লিগে প্রথমবার শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছেছেন আল নাসর অধিনায়ক। ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট দলটির। দ্বিতীয় অবস্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৭। তিনটি ম্যাচ হাতে রয়েছে আল হিলালের, আল নাসরের হাতে আছে দুই ম্যাচ। প্রো লিগে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। ম্যাচটি জিতলেই সৌদিতে প্রথম লিগ শিরোপা নিশ্চিত হবে রোনালদোর।



