জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার বেল ১১টায় একই স্থানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফ্রান্স প্রবাসী ছোট ভাই আব্দুল্লা আল মামুনের উপস্থিতির জন্য লাশ হিমাগার অ্যাম্বুলেন্সে করে জীবননগর পৌরসভার আশতলাপাড়া এলাকার নিজ বাড়ির সামনে রাখা হয়।
দ্বিতীয় নামাজে জানাজায় ডাবলুর বড় ভাই উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, ছোট ভাই আব্দুল্লা আল মামুন, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নামাজে জানাজা শেষে শরিফুল ইসলাম কাজল বলেন, গত বুধবার সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা কেবল আশ্বাসে বিশ্বাসী নই। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। কেউ যেন দায় এড়িয়ে যেতে না পারে। জীবদ্দশায় আমরা যেন সেই বিচার দেখে যেতে পারি।
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর অভিযোগ করে বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডের পর অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে। যদি সত্যিই অস্ত্র পাওয়া যেত, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হতো। নির্যাতনের পর ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছে।



