কুমিল্লা প্রতিনিধি
ঢাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাক্সক্ষার সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।
শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা আয়োজিত ‘জাগ্রত জুলাই’ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের আকাক্সক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুরুদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা: জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা: জহিরুল আলম ও অর্থ সম্পাদক ডা: জুয়েল রানা।
এ সময় বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় দফতর সম্পাদক ডা: জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ফজলুল হক লিটন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মো: শাহ আলম।
সম্মেলনে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা ও শহীদ মাসুম মিয়ার বাবা তাদের অনুভূতি তুলে ধরেন।
এ ছাড়া জুলাই আন্দোলনের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আবু রায়হান, রাশেদুল হাসান, আল আমিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবিরসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



