টাইমস অব ইন্ডিয়া
দীর্ঘ এক দশকের ব্যবধানে ভারতের কেরালা রাজ্যে আবারো ক্ষমতার বাগডোর নিজেদের হাতে নিলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। গতকাল সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেস নেতা ভি ডি সাতিসান।
কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জোটের শরিক দলগুলোর প্রতিনিধি এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতিসানের সাথে তার পুরো মন্ত্রিসভাও একই সাথে শপথ নিয়েছে। কেরালার রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ প্রায় ৬০ বছরের মধ্যে এটিই প্রথম ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সব সদস্য একসাথে শপথ নিলেন।
২১ সদস্যের এই নতুন ইউডিএফ সরকারে ঠাঁই পেয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেনিথালা, কে মুরালিধরন এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফ। এ ছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) নেতাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পি কে কুন্নালিকুট্টি, পি কে বশির, এন সামসুদিন, কে এম শাজি এবং ভি ই আব্দুল গফুর। মন্ত্রিসভার অন্য সদস্যরা হলেন- মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সি পি জন, এ পি অনিল কুমার, টি সিদ্দিকী, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এম লিজু, কে এ তুলসী এবং ও জে জেনীশ। সরকার গঠন প্রসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী ভি ডি সাতিসান জানান, নানা রাজনৈতিক ও সামাজিক সমীকরণ মেলাতে গিয়ে অনেক যোগ্য নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে শরিক দল ও কংগ্রেসের হাইকমান্ডের সাথে আলোচনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে মন্ত্রীদের আনুষ্ঠানিক তালিকা হস্তান্তর করেন সাতিসান। গত পাঁচ বছর বিরোধীদলীয় নেতার ভূমিকায় থাকা সাতিসানকে কেরালায় তৃণমূল স্তরে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার মূল কারিগর বলা হয়, যার সুফল মিলেছে এই নির্বাচনে।
উল্লেখ্য, ২০২৬ সালের কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক দল হিসেবে রেকর্ড ৬৩টি আসন জিতেছে। আর ১৪০ আসনের পুরো বিধানসভায় সাতিসানের নেতৃত্বাধীন ইউডিএফ জোট আসন পেয়েছে ১০২টি। এই ভূমিধস জয়ের মাধ্যমে কেরালায় সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) টানা ১০ বছরের শাসনের অবসান ঘটল।



