জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তর পরিচয় শনাক্ত ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আলটিমেটামে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিসির সাথে আলোচনা শেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা। এর আগে সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়।
অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, ‘আমরা আমাদের ছয়টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের চারটি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দু’টি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে।’



