আলীকদমে প্রেস ক্লাব জবরদখল সাংবাদিকদের মারধর

Printed Edition

বান্দরবান প্রতিনিধি ও আলীকদম সংবাদদাতা

বান্দরবানের আলীকদমে ২৮ বছরের পুরনো আলীকদম প্রেস ক্লাব দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ওই নেতার সাঙ্গপাঙ্গরা প্রেস ক্লাব দখলে নিতে সাংবাদিকদের মারধর করে, কিছু কিছু নথিপত্র গায়েব করে এবং ক্লাবের নিয়ন্ত্রণ জোরপূর্বক নিয়ে নেয়।

প্রেস ক্লাব কর্তৃপক্ষের দাবি, বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা আবুল কালামের নেতৃত্বে একটি পক্ষ তালা ভেঙে প্রেস ক্লাব ভবনের দখল নেয়। এ সময় ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব, সাংবাদিক রেজাউল ও শাহ আলমসহ কয়েকজনকে মারধর করায় তারা আহত হন।

আলীকদম প্রেস ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মমতাজ উদ্দিন আহমদ বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রেস ক্লাবের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য বর্তমানে পাঁচ কোটি টাকার বেশি। তিনি অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে একটি পক্ষ প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে আসছিল। সম্প্রতি বিএনপির একটি পক্ষ সেই চেষ্টা বাস্তবায়ন করেছে।

ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। তাদের অভিযোগ, সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে দখল প্রক্রিয়া সংঘটিত হলেও তা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রেস ক্লাব একটি সরকারি সম্পত্তি এবং এটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক জানান, সেনাবাহিনী শুধু দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে গিয়েছিল। প্রেস ক্লাবের নেতৃত্ব বা পরিচালনা বিষয়ে তাদের কোনো অবস্থান নেই।

আলীকদম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: কামরুজ্জামান বলেন, কোনো আইনি প্রক্রিয়া ছাড়া একটি পেশাজীবী সংগঠনের নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।