ক্রীড়া ডেস্ক
‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় পরের ম্যাচে আলাভেজের মাঠে হারলেও গত পরশু দাপুটে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ক্যাম্প ন্যূতে ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখিয়ে দুই অর্ধে রাফিনহার দু’টি ও জোয়াও কানসালোর গোলে ৩-১ ব্যবধানে তারা হারিয়েছে রিয়াল বেটিসকে। এই মৌসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সব ক’টি জিতল বার্সেলোনা। আর এই জয়ে ৩৭ ম্যাচে ৯৪ দলটির। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বেটিস।
ম্যাচ শুরুর আগে বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেটিস। আর ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়া রবার্ট লেভানোদোভস্কি। শুরুর একাদশে নামা পোলিশ তারকাকে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে তুলে নেয়া হয়। কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি। তুমুল করতালিতে তাকে বিদায় জানায় সমর্থকরা। তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। ম্যাচে ২৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দারুণ ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন রাফিনহা। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
প্রতিপক্ষের ভুল পাসে বক্সের বাইরে বল পেয়ে ৬২ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৯ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান ইসকো। ৭৪ মিনিটে আবার দুই গোলের লিড পুনরুদ্ধার করে বার্সেলোনা। পেদ্রির পাস ধরে বক্সের বাইরে থেকে শটে ঠিকানা খুঁজে যেন কানসালো।



