নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে প্রায় আড়াই ঘণ্টার প্রাইভেট কার ভ্রমণ শেষে নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে পৌঁছা। এই স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচ এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বিকেল ৬টায় এখানে ব্রাজিলের ম্যাচ। প্রতিপক্ষ মরক্কো। এ ছাড়া ফ্রান্স- সেনেগাল, নরওয়ে-সেনেগাল, ইকুয়েডর-জার্মানি, পানামা-ইংল্যান্ড, দ্বিতীয় রাউন্ডের একটি কোয়ার্টার ফাইনালের একটি এবং ফাইনাল ম্যাচ হবে।
তবে প্রচণ্ড গরম ভোগাবে খেলা দেখতে আসা দর্শকদের। বিশাল এলাকাজুড়ে স্টেডিয়াম চত্বর। নিউ ইর্য়ক থেকে সবুজ গাছগাছালি ঘেরা রাস্তা পেরিয়ে আমাদের আসা। রাস্তার বিস্তীর্ণ এলাকাজড়ে থাকা এই গাছগাছালি লেক সবই মুগ্ধ করবে ফুটবল প্রেমীদের। তবে স্টেডিয়াম চত্বরে কোনো গাছ নেই। যেমনটা ছিল রাশিয়ার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেন্যু লুজনিকি স্টেডিয়ামে। ফলে কাল যখন বিকেল সাড়ে চারটায় সেখানে পৌঁছালাম তখন প্রচণ্ড গরমে টেকাই যাচ্ছিল না। এই অবস্থায় লম্বা পথ পাড়ি দিতে হবে দর্শকদের। গতকালও দেখা গেল স্টেডিয়ামের বাইরে কয়েক জায়গায় মেরামতের কাজ করতে।
৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম। আগের জায়ান্ট স্টেডিয়ামই এখন মেট লাইফ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস-এর হোম ভেন্যু। সর্বোচ্চ ৯৩ হাজার দর্শক এই স্টেডিয়ামে বসে আগে খেলা দেখেছিলেন। ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের খেলা হয়েছিল। তখন ৮২ হাজার ৫৬৬ জন দর্শক উপস্থিত হয়েছিলেন।



