বিশেষ সংবাদদাতা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি, বিভিন্ন দল থেকে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা দেয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার, আমার কপালে ভাঁজ পড়েছে।
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রার্থিতা স্বাধীন হলে দলে দলে গোলমাল হতো না। এ জন্য মনে করি, দলগুলোর উচিত হবে নিজেরা বসে ফয়সালা করা। এ ক্ষেত্রে আমাদের সহায়তা থাকবে। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য কমিশনার, ইসি সচিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহায়তার কথা তুলে ধরে সিইসি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন সামনে আসছে। প্রয়োজনীয় আইন-বিধি সংস্কার করা হচ্ছে। এরই মধ্যে দু’টি রাজনৈতিক দলের নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হয় না। আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা নিজেরা বসুন, একটা ফয়সালায় আসুন।
তিনি বলেন, শুধু একটি নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই ভালো করতে হবে। ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। এ জন্য দলগুলোকে নিজেদের মধ্যে বসতে হবে। আমরা চাই, সত্যিকার অর্থে শতভাগ ভালো একটি স্থানীয় নির্বাচন।
তিনি বলেন, অতীতে দেখা গেছে স্থানীয় নির্বাচনকে ঘিরে অনেক মার্ডার হয়। একই পরিবারে প্রতিদ্বন্দ্বিতা হয়, খুব স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বর্শা নিয়ে মারামারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, টেঁটা দিয়ে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রার্থী দাঁড়ায়, তাহলে কী হবে? কারবালা হয়ে যাবে। এ ধরনের সিচুয়েশনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বোঝাপড়া করা উচিত, স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ঝামেলায় যাবে না।
এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সরকারের মন্ত্রী, উপদেষ্টারা আভাস দিচ্ছেন। এ বিষয়ে সিইসি বলেন, স্থানীয় নির্বাচন কবে হবে এখনো ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সাথে বসবো। এটার জন্য সময় লাগবে।



