চট্টগ্রামে আলিফ হত্যা মামলা

বাদির সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাদিপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। বুধবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: জাহিদুল হকের আদালতে মামলার বাদি ও নিহতের বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

শুনানিতে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।

বাদিপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, বাদি জামাল উদ্দিন ষষ্ঠবারের মতো আদালতে জেরার মুখোমুখি হন। তবে আসামিপক্ষের আইনজীবী আবারো সময়ের আবেদন করলে বিচারক তা নাকচ করে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণে আগামী ২৪ জুন দিন ধার্য করেন। শুনানিকালে চিন্ময় দাস আদালতের অনুমতি নিয়ে নিজের মা ও আশ্রমের দুই সন্ন্যাসীর সাথে সাক্ষাতের জন্য মৌখিক আবেদন জানান। তবে তার আইনজীবী এ দিন আদালতে উপস্থিত ছিলেন না। এর আগের তারিখেও তিনি অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ইসকন সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে তাণ্ডব চালায় তার অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।