ভারত থেকে পাথর আমদানি বন্ধ, স্থবির সোনাহাট স্থলবন্দর

Printed Edition

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভারতীয় ব্যবসায়ীদের পাথরের দাম বৃদ্ধি ও নি¤œমানের পাথর সরবরাহের অভিযোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে বন্দরকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকরা বিপাকে পড়েছেন। একই সাথে সরকার প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

দেশের ১৮তম স্থলবন্দর সোনাহাট দিয়ে গত ১৮ জুলাই থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। বুধবার বন্দর এলাকা ঘুরে দেখা যায়, ভারতীয় ট্রাক প্রবেশ না করায় ওয়্যারহাউজ ফাঁকা পড়ে আছে। পাথর ভাঙার মেশিনগুলোও বন্ধ রয়েছে। কাজ না থাকায় শ্রমিকরা অলস সময় পার করছেন।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রতিদিন গড়ে প্রায় ১২০টি ভারতীয় ট্রাক পাথর নিয়ে বন্দরে প্রবেশ করে। তবে গত চার দিনে একটি ট্রাকও বাংলাদেশে আসেনি।

আমদানিকারকদের অভিযোগ, বর্তমানে ভারত থেকে সরবরাহ করা পাথর নি¤œমানের ও আকারে ছোট হওয়ায় ভাঙার পর কাক্সিক্ষত মান পাওয়া যাচ্ছে না। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এসব পাথর কিনতে আগ্রহ দেখাচ্ছে না। পাশাপাশি প্রতি টন রিভার স্টোনের দাম ১১ ডলার থেকে বাড়িয়ে ১৩ দশমিক ৫ ডলার করা হয়েছে। এতে আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।