রায়পুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ২ আ’লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

Printed Edition

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী এবং এক শহীদ পরিবারের সদস্য অসন্তোষ প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো: সালেহ মিন্টু ফরায়েজী।

জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী দাবি করেন, অনুষ্ঠানের শুরুতেই তারা ওই দুই নেতার উপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তাদের অভিযোগ, ইউএনও রাষ্ট্রীয় নির্দেশনার বিষয়টি উল্লেখ করলে তারা আর আপত্তি বাড়াননি। তবে শহিদ দিবসের অনুষ্ঠানে তাদের উপস্থিতি আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

জুলাই আন্দোলনে নিহত রায়পুরের ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান বলেন, ওই দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতির বিষয়টি তিনি আগে জানতেন না। কে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটি প্রশাসনই বলতে পারবে। বিষয়টি দুঃখজনক।

অভিযোগের বিষয়ে আবু জাফর মো: সালেহ মিন্টু ফরায়েজী বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নেই। তিনি বর্তমান বাস্তবতাকে মেনে নিয়েছেন বলে দাবি করেন।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, জুলাই শহিদ দিবস রাষ্ট্রীয় কর্মসূচি। কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।