ক্রীড়া প্রতিবেদক
অচলাবস্থা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। দুই দিনের দলবদলে গতকাল প্রথম দিনে অনেক দলই তাদের স্কোয়াড প্রায় সাজিয়ে ফেলেছে। শুরুর দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর পুরোনো এই দলে ফেরার সুযোগ পেয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। একই সঙ্গে চলতি মৌসুমে লিগ মাঠে গড়াতে যাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট।
মাহমুদুল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই্য বড় আয়ের একটি উৎস, দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই। কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে উদ্যোগটা নিয়েছে।’
২০ বছর পর আবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ফিরে আসার অনুভূতিও ভাগ করে নেন এই অলরাউন্ডার। ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’
প্রথম দিনে কোন দলে কোন খেলোয়াড়
মোহামেডান স্পোর্টিং ক্লাব : এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তইবুর রহমান পারভেজ, রিপন মণ্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।
আবাহনী লিমিটেড : সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রাহানাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আবু হাসিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।
ঢাকা লিওপার্ডস : সৈকত আলী, মাহাদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকি, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি।
এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, সিটি ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব প্রথম দিনে খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে।



