ফাইনাল আজ মুখোমুখি বসুন্ধরা-মোহামেডান!

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ আজ বসুন্ধরা কিংস। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তায় এগিয়ে থাকা বসুন্ধরার সামনে ট্রেবল জয়ের মিশন। অপর দিকে চলতি মৌসুমে শিরোপা খরা কাটাতে মরিয়া মোহামেডান। আজ বিকেল ৫.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস এরিনায়। মোহামেডান ওই মাঠে কিংসের বিপক্ষে খেলবে না বলে গত ১২ মে যে চিঠি দিয়েছিল বাফুফেকে, সেই সিদ্ধান্তে অনড় রয়েছে সাদাকালোরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে গতকাল ফাইনালের ভেনু নিয়ে জরুরি আলোচনায় বসেছিলেন মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনাল অনিশ্চিতই হয়ে পড়েছে। আজ সকাল ১০টায় যেকোনো সিদ্ধান্ত হতে পারে। ফাইনালের ভেনু বসুন্ধরাতেই অথবা অন্য কোনো জায়গায়, এমনকি ফাইনাল আজ না-ও হতে পারে।

সম্প্রতি ঢাকা আবাহনীকে পরাজিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। দলের আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে আছেন ডোরিয়েলটন গোমেসের মতো ফরোয়ার্ডরা। অন্য দিকে দারুণ ছন্দে রয়েছে মোহামেডানও। গোল করার ক্ষেত্রে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন মোহামেডানের আক্রমণভাগে তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। চলতি মৌসুমে একাধিকবার মুখোমুখি হয়েছে দল দু’টি। বিপিএলের শেষ সাক্ষাতে মোহামেডানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। তাই স্বাভাবিকভাবেই ফাইনালে মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে কিংস।

যদি ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়, বসুন্ধরা জিতলে ট্রেবলজয়ী হবে তারা। এর আগে তারা চ্যালেঞ্জ কাপ ও লিগ জিতেছিল। আর মোহামেডান জিতলে- এটাই হবে মৌসুমের প্রথম শিরোপা।