ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। ইত্তিহাদ স্টেডিয়ামে এই ম্যাচটিকে গণ্য করা হচ্ছে লিগ শিরোপা নির্ধারণী ‘ফাইনাল’ হিসেবে। কারণ ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭০ পয়েন্ট। দুই দলের পয়েন্টের পার্থক্য ৬। এক ম্যাচ কম খেলায় সেই বাড়তি ম্যাচটি যদি সিটি জিতে যায়, তবে পার্থক্য নেমে আসবে ৩ পয়েন্টে। সে ক্ষেত্রে আক্ষরিক অর্থেই ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে সিটি-আর্সেনাল ম্যাচটি। ফলে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে এ ম্যাচকে ঘিরে যোগ হলো নতুন রোমাঞ্চ।
লিগে বর্তমানে আর্সেনালের যে অবস্থান, পুরো মৌসুম দাপট দেখিয়ে শেষ দিকে এসে খেই হারানো, তারপর শিরোপা হাতছাড়া, এমন ঘটনা আগেও ঘটতে দেখা গেছে। সর্বশেষ তিন মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে দু’বার শিরোপা হাতছাড়া করেছে আর্সেনাল। মৌসুমের শেষভাগে এসে এবারো সেই শঙ্কায় তৈরি হয়েছে। অবস্থার শুরু গেল সপ্তাহে নিজেদের মাঠ এমিরেটসে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের পরাজয় আর স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানে ম্যানচেস্টার সিটির জয়। আর তাতেই টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্টের ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে সিটিজেনরা।
চলতি মৌসুমে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত বছর ২১ সেপ্টেম্বর ম্যানসিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল গানাররা। ফিরতি লিগে এবার ইত্তিহাদে মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে চোটের কারণে দলের নির্ভরতার প্রতীক বুকায়ো সাকাকে পাচ্ছেন কোচ মিকেল আর্তেতা। তবে আক্রমণভাগের আরেকজন ননি মাদুয়েকেকে পাওয়ার আশা করছেন। সাকা সবশেষ সিটির বিপক্ষে ম্যাচেই গত ২২ মার্চ লিগ কাপের ফাইনালে খেলেছেন। সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় তার দল। সবশেষ লিগ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে হেরে ২২ বছর পর প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে আর্সেনালের। সিটির বিপক্ষে তাদের ম্যাচটিকে তাই মনে করা হচ্ছে এবারের শিরোপা নির্ধারক।
ইত্তিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিইনোকেও পাবে না আর্সেনাল। পায়ে অস্ত্রোপচার হয়েছে তার।



