প্রতিমন্ত্রী শাহে আলম
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি উদ্যোগ। শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই এ আয়োজন।
মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়ার পরিবেশ তৈরি, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি প্রতিযোগিতা সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। সভায় প্রতিমন্ত্রী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ফুটবল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমসহ শিক্ষা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



