বাঘায় আঞ্চলিক সড়ক সংস্কারে ধীরগতি ভোগান্তিতে শিক্ষার্থীসহ জনসাধারণ

Printed Edition
বৃষ্টির পানিতে কর্দমাক্ত সড়কে নিত্য যানজট : নয়া দিগন্ত
বৃষ্টির পানিতে কর্দমাক্ত সড়কে নিত্য যানজট : নয়া দিগন্ত

মোহা: আসলাম আলী বাঘা (রাজশাহী)

রাজশাহীর বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের বাঘা উপজেলা সদরের প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজ ধীরগতিতে চলমান থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন।

উপজেলা সদরের আমচত্বর থেকে বাঘা বাজারের পূর্বাংশ পর্যন্ত এই অংশে দীর্ঘ দিন ধরে সংস্কারকাজ চললেও দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদায় পরিণত হওয়ায় তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। যানবাহনের চাপ বাড়লে সৃষ্টি হয় যানজট, বাড়ে দুর্ঘটনার ঝুঁকিও।

এলাকাবাসী জানান, সড়কটির পাশেই বাঘা মডেল উচ্চবিদ্যালয়, বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহদৌলা সরকারি কলেজ, বাঘা পৌরসভা ও হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ কামিল মাদরাসা অবস্থিত। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য এই সড়কটিই একমাত্র পথ। কিন্তু খানা-খন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় কাদামাটিতে ভরা সড়ক দিয়ে শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দফতরে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, এই সড়কটির বিকল্প কোনো রাস্তা নেই। প্রতিদিন শতাধিক ভারী যানবাহন চলাচল করে। সামান্য বৃষ্টিতেই শিক্ষার্থীদের কাদার মধ্য দিয়ে স্কুলে আসতে হয়।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দ্রুত শেষ করা জরুরি। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীও একই দাবি জানান।