ইসরাইলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

Printed Edition

টাইমস অব ইসরাইল ও পার্স টুডে

ইসরাইলের উত্তরাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া দু’টি ড্রোন আঘাত হেনেছে। ঘাঁটিটি লেবানন সীমান্তের কাছে। গতকাল রোববার স্থানীয় সময় সকালে ড্রোন হামলাটি চালানো হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এ ঘটনায় কেউ আঘাত পায়নি আর তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

ইসরাইলের পশ্চিম গ্যালিলিতে ‘আকাশে দৃশ্যমান সন্দেহজনক লক্ষ্যবস্তুর’ কারণে বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। লেবাননের প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর একটি নতুন ঘাঁটিকে লক্ষ্যস্থল করেছে।

ইরানি গণমাধ্যম পার্স টুডে হিজবুল্লাহর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি আর্টিলারি ঘাঁটি যা সম্প্রতি স্থাপন করা হয়েছে।

এর আগে সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাত শহর ও আশপাশের এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা তড়িঘড়ি করে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেন। আইডিএফ জানিয়েছে, তারা শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৭০টিরও বেশি লক্ষ্যে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রকেট লঞ্চার, হিজবুল্লাহর যোদ্ধারা ব্যবহার করছে বলে দাবি করা ভবন ছিল।