বিনোদন প্রতিবেদক
আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য মহিন খানের পরিচালনায় নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ঘরবন্দী’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, চিত্রলেখা গুহ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা, সেলজুক তারিক আল হাশিমি, অনুভব মাহবুবসহ আরো অনেকে। এরই মধ্যে মধ্যে ঢাকার অদূরে পুবাইলের একটি শুটিং হাউজে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চিত্রলেখা গুহ ‘খুশবু’ নাটকের শুটিং সেট থেকে মুঠোফোনে তার অভিমত ব্যক্ত করে বলেন, ‘আমাদের ছেলেকে অনেক শখ করে বিয়ে দেয়ার পর দেখা গেল, স্বামী-স্ত্রীর মধ্যে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। যেন তাদের মধ্যে একটি সুন্দর বোঝাপড়ার সম্পর্কের সৃষ্টি হয়, এ কারণে তাদের ঘরবন্দী করে রাখা হয়। পরবর্তীতে একসময় তাদের মধ্যে সুন্দর সম্পর্কের সূচনা হয়। মূল ম্যাসেজ হলো ডিভোর্স কোনো সমাধান নয়। ডিভোর্সে না গিয়ে কীভাবে স্বামী-স্ত্রীর একসাথে জীবন পার করে দেয়া যায় তার উত্তম পথ খুঁজে বের করতে হবে। মহিনকে ধন্যবাদ সুন্দর এই গল্পের জন্য।’ নাটকটি প্রসঙ্গে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘অস্ট্রেলিয়ায় আল হাজেন ভাইয়ের দু’টি ধারাবাহিক নাটকের কাজ শেষ করে দেশে ফিরেই ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তার মধ্যে মহিন খানের পরিচালনায় ঘরবন্দী নাটকটির কাজ শেষ করেছি। নাটকটির গল্প আমাদের চলমান জীবনেরই গল্প। আর মহিন তো আসলে সবসময়ই ভীষণ যতœ নিয়ে নাটক নির্মাণ করে। সেই ধারাবাহিকতায় ঘরবন্দীও ঠিক তেমনি মহিনের অনেক যতœ নিয়ে নির্মিত একটি নাটক। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’ অনুভব মাহবুব বলেন, ‘ঘরবন্দী নাটকের গল্পটা দর্শকের ভীষণ ভালোলাগবে। আমার চরিত্রটিও সুন্দর। ধন্যবাদ পরিচালকসহ এই ইউনিটের সবাইকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটি ভালো গল্পের নাটক নির্মাণ করার জন্য।’



