কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

Printed Edition
স্ত্রী-সন্তানের সাথে কাস্টমস কর্মকর্তার এই ছবি এখন শুধুই স্মৃতি   : নয়া দিগন্ত
স্ত্রী-সন্তানের সাথে কাস্টমস কর্মকর্তার এই ছবি এখন শুধুই স্মৃতি : নয়া দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট বৈরাগী তার একমাত্র ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন তিনি। রাত আড়াইটার দিকে পরিবারের সাথে তার শেষ কথা হয়। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।

পরিবারের দাবি, রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকবার কথা বলে। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

গতকাল সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে সড়কে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।