কর তথ্য ফাঁসের মামলায় ট্রাম্পের আপিল

Printed Edition

সিবিএস নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের একটি মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন এক আমেরিকান ফেডারেল বিচারক। সেই সাথে মার্কিন প্রশাসনের সাথে ট্রাম্পের সম্পাদিত একটি বিতর্কিত চুক্তিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে আপিল করেছে ডোনাল্ড ট্রাম্পের আইনি দল।

ঘটনাক্রম শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। গোপন আয়কর সংক্রান্ত রেকর্ড প্রকাশ হয়ে পড়ার অভিযোগে অভ্যন্তরীণ রাজস্ব সেবা (আইআরএস) ও অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন ট্রাম্প। প্রকাশিত নথিপত্রে বেরিয়ে আসে ২০১৬ ও ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প বার্ষিক মাত্র ৭৫০ ডলার করে আয়কর পরিশোধ করেছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া স্বাভাবিক বিচারে না গিয়ে একটি বিতর্কিত আপস-মীমাংসায় মোড় নেয়। ওই চুক্তির শর্তানুসারে ট্রাম্প, তার পরিবার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে আইআরএসের কর পরীক্ষা (অডিট) থেকে পুরোপুরি দায়মুক্তি দেয়ার প্রস্তাব রাখা হয়। তা ছাড়া করদাতাদের অর্থে ১.৭৭৬ বিলিয়ন ডলারের একটি ‘ক্ষতিপূরণ তহবিল’ গঠনের সিদ্ধান্ত হয়।

তবে ডিস্ট্রিক্ট জজ ক্যাথলিন এম. উইলিয়ামস এই কৌশল উন্মোচন করেন। পর্যবেক্ষণ ব্যক্ত করে তিনি জানান, মূল মামলাটিতে কোনো আইনি ভিত্তি ছিল না; বরং বিচারাঙ্গনকে ব্যবহার করে একটি পূর্বনির্ধারিত চুক্তিকে আইনি রূপ দেয়ার চেষ্টা চালিয়েছে উভয় পক্ষ। এখানে বাদি ও বিবাদি উভয় পক্ষই অভিন্ন সরকারি স্বার্থ রক্ষায় লিপ্ত ছিল। এর পরিপ্রেক্ষিতে বিচারক চুক্তিটি বাতিল করেন এবং ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটোসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরামর্শ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে প্রস্তাবিত তহবিল বাতিল হয়ে যায় এবং ট্রাম্পের প্রাপ্ত দায়মুক্তি খারিজ হয়। এতে ভবিষ্যতে ট্রাম্পের সম্ভাব্য কর ফাঁকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ অটুট রইল।