সেমিনারে বক্তারা

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রাইভেট মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষা, গবেষণা, প্রশাসন, ব্যবসা ও বিভিন্ন পেশায় কৃতিত্বের সাথে অবদান রাখছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন। সোসাইটির সভাপতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাফর আহমদ মজুমদারের পরিচালনায় সেমিনারে বক্তৃতা করেন, বাংলাদেশ বেতারের কারী, হাফেজ মাওলানা আবুল হোসাইন, আন্তর্জাতিক কারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রফেসর মো: শাহজাহান প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট টিভি উপস্থাপক মাওলানা খালেদ সাইফুল্লাহ বকশী।

বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারের কারণে নির্দোষ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কোনো বিচ্ছিন্ন ঘটনাকে পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানানো হয়।