রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে ভোটের উৎসব ভোটার ৫ লাখ

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটি-২৯৯ আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাহাড়ি দুর্গম যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও জেলার ২১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক সুবিধা নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ অনুপস্থিত। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিকল্প ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ১০ উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। দুর্গম চার উপজেলার ২০টি কেন্দ্র ভৌগোলিকভাবে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম, ব্যালট বাক্স ও জনবল পৌঁছে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগেই কেন্দ্রে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

রাঙ্গামাটি আসনটি দু’টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটারসংখ্যা পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন; এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, দুর্গম ৯টি ইউনিয়নের ২০টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।