শিক্ষামন্ত্রীর পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম ককরোচ পার্টির

Printed Edition

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের দাবিতে নতুন করে সাত দিনের আলটিমেটাম ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্র ও ধারাবাহিকভাবে দেশজুড়ে ছড়িয়ে দেয়া হবে।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অভিজিৎ দিপকে বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ বা তার পদত্যাগের জন্য সরকারকে সাত দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশজুড়ে ধারাবাহিকভাবে আরো বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শনিবার দিল্লির তীব্র গরম উপেক্ষা করে হাজারো সমর্থক যন্তর মন্তরের সমাবেশে অংশ নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান দিপকে। তিনি বলেন, ‘গতকাল আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারের কাছে দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ হলে ‘ককরোচরা’ কী করতে পারে।’

সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিপকে বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা সরকারের পক্ষে সম্ভব নয়।’ তবে আন্দোলন এখানেই থেমে থাকবে না বলে সতর্ক করে তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান একটি পুরো প্রজন্মের সাথে অন্যায় করেছেন। আগামী সাত দিনের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন বা তাকে অপসারণ না করা হয়, তাহলে আমরা মাঠে আরো আন্দোলনে নামতে বাধ্য হব।’