তেল সঙ্কটে জাপানি প্রধানমন্ত্রীর উদ্বেগ

Printed Edition

আলজাজিরা

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বিঘœ ঘটায় বৈশ্বিক তেল সরবরাহে টান পড়েছে। এর ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘বিরাট প্রভাব’ পড়ছে বলে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি।

গতকাল সোমবার অস্ট্রেলিয়া সফরকালে তিনি এই মন্তব্য করেন। এই সফরে দুই দেশ জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বাড়াতে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে। সাধারণত বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পার হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর ইরান কার্যত এই পথটি বন্ধ করে রেখেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, এই পথের ৮০ শতাংশ তেল এশিয়ার দেশগুলোর উদ্দেশে পাঠানো হয়।

সোমবার তাকাইচি বলেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর বিরাট প্রভাব পড়ছে। আমরা নিশ্চিত করেছি যে, জাপান ও অস্ট্রেলিয়া এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করবে। অস্ট্রেলিয়া জাপানের মোট জ্বালানি চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে এবং দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় বাজার হলো অস্ট্রেলিয়া।