দুই যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হরিরামপুরের আশ্রয়ণ প্রকল্পে

Printed Edition

মফিজুর রহমান হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পটি দীর্ঘ দুই যুগেও উন্নয়নের মুখ দেখেনি। ২০০০ সালের দিকে নির্মিত এই প্রকল্পের শতাধিক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। নির্মাণের পর থেকে কোনো সংস্কার বা উন্নয়ন না হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটিতে ১০০টি পরিবারের জন্য ১০০টি ঘর নির্মাণ করা হয়েছিল। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ২৪ ফুট ও প্রস্থ ৯ ফুট, সাথে রয়েছে ছোট একটি বারান্দা। তবে পরিবারের সদস্যসংখ্যা বাড়লেও সেই ছোট ঘরেই গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। ঘরের উচ্চতা কম হওয়ায় গরমকালে অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সরেজমিন দেখা যায়, অধিকাংশ ঘরের টিনের চাল ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলেই পানি পড়ে ভিজে যায় বইপত্র, কাপড়চোপড় ও আসবাবপত্র। পানি ঠেকাতে অনেকেই টিনের ওপরে পলিথিন ব্যবহার করছেন, তাতেও মিলছে না স্বস্তি। বেশিরভাগ ঘরের দরজা-জানালাও ভেঙে গেছে। অর্থাভাবে কেউ মেরামত করতে পারছেন না।