মামলা না তুলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম টাকা ও মোবাইল লুট

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরে মামলা তুলে না নেয়ার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও তার নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৪ জুন রাতে সদর উপজেলার সুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত ব্যবসায়ী আব্দুল হালিম শেখ (৪৫) ছয়জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। হামলার মামলায় অভিযুক্তরা হলেন- সুমন সরদার, আল আমিন শেখ, হাসান শেখ, রিপন শেখ, আক্তার বেপারী ও শাহজাহান।

অভিযোগ সূত্রে জানা যায়, আগে থেকেই আসামিদের কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন আব্দুল হালিম। সেই মামলা প্রত্যাহারের জন্য তাকে চাপ দেয়া হচ্ছিল। ঘটনার দিন নারায়ণগঞ্জ থেকে কাঁচামাল বিক্রি করে ফেরার পথে সুয়াপাড়া চৌরাস্তা মোড়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে পেয়ে মামলা তুলে নিতে বলে। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার কাছ থেকে কাঁচামাল বিক্রির ৪৬ হাজার ৩৫৭ টাকা ও ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিমকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার মাথার ক্ষতস্থানে পাঁচটি সেলাই দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো: মমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’