রাঙ্গুনিয়ায় নিখোঁজের ছয়দিন পর কিশোরের লাশ উদ্ধার

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ছয়দিন পর এক কিশোরের লাশ পাহাড়ি এলাকায় মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ মফিজ (১৫)। গতকাল শুক্রবার উপজেলার পদুয়া দুধ পুকুরিয়া পূর্ব পাহাড়ি এলাকায় লাশ উদ্ধার করা হয়। মায়ের পরকীয়া জেনে যাওয়ায় মফিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় পুলিশ নিহত কিশোরের মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুধ পুকুরিয়া পূর্ব পাহাড়ের বাসিন্দা মো: আবু মুছার ছেলে মোহাম্মদ মফিজ গত ১৬ মে সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজের পিতা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি ডায়েরি করেন। ছেলে নিখোঁজ হওয়ায় পিতা মুছা আত্মীয় স্বজন ও চট্টগ্রাম নগরীসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পায়নি।

নিখোঁজ কিশোরের মামা মো: আবু জাফর বলেন, ছয়দিন অতিবাহিত হলেও মফিজের কোনো সন্ধান না পেয়ে পুরো গ্রামবাসী গতকাল সকালে দুধপুকুরিয়া থেকে ডাকবাংলো গহিন বনে অনুসন্ধান চালায়। একপর্যায়ে বৌদ্ধ সম্প্রদায়ের চিতাখোলা নামক এলাকায় নতুন কবর আবিষ্কার করেন তারা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেয়া হলে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ মফিজের লাশ বলে এলাকাবাসী শনাক্ত করে।

গ্রামবাসীরা জানান, পদুয়া দুধপুকুরিয়া পূর্ব পাহাড়ের একই গ্রামের মাহাবুব আলম ওরফে মাকু আলমের সাথে রুবী আক্তারের প্রেমের অনৈতিক সম্পর্ক জেনে যাওয়ায় কিশোর মফিজকে ঘাতক মা নৃশংসভাবে হত্যা করে। বৃহস্পতিবার কথিত প্রেমিক মাহাবুব আলম প্রকাশ মাকু আলম বিষপান করে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দীন আহমেদ বলেন, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।