বখাটের এআই ভিডিওর অপপ্রচারে স্কুলছাত্রীর আত্মহত্যা

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণীর ছাত্রী আফসানা আক্তার রাহিকে (১৪) নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগ এবং পরবর্তী ঘটনায় তার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, এ ধরনের অপপ্রচারের কারণে কেবল রাহিই নয়, এলাকার আরো কয়েকজন মেয়েও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ৭ জুন উপজেলার জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলী গ্রামের নিজ বাড়ি থেকে আফসানা আক্তার রাহির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।