সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে বাধা দেয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেন সাংবাদিক মো: রাসেল হোসাইন।
গত শুক্রবার রাতে সোনারগাঁও পৌরসভার উত্তর ষোল্লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি গতকাল শনিবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে রাসেল হোসাইন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আহাম্মদ আলীর বাড়ির সামনে অবস্থানকালে দুলাল মিয়া ও ইসলাম নামের এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দুলাল মিয়া তাকে গুলি করে হত্যার হুমকি দেন এবং ইসলাম এলাকা থেকে উচ্ছেদের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। রাসেলের দাবি, স্থানীয়দের পক্ষ থেকে অবৈধ গ্যাস সংযোগের প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।



