রাজৈরে দৈনিক দেড় হাজার টাকাতেও শ্রমিক মিলছে না

Printed Edition

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে বোরো ধান কাটার মৌসুমে তীব্র শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।

একযোগে ধান কাটা শুরু হওয়া এবং সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ায় জমিতে ধান নুয়ে পড়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শ্রমিক সঙ্কটের কারণে দৈনিক মজুরি বেড়ে এক হাজার ৪০০ টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষক ইসহাক শেখ জানান, তিনজন শ্রমিক নিয়োগ দিতে তাকে প্রতিজনের জন্য দৈনিক তিন বেলা খাবারসহ এক হাজার ৪০০ টাকা করে দিতে হচ্ছে।

গত কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তার ধান জমিতে পড়ে যাওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

কৃষক গনি মিয়া বলেন, অনেক শ্রমিক ধান কাটার পাশাপাশি উৎপাদিত ধানের এক-তৃতীয়াংশ ভাগ দাবি করছেন। এছাড়া তাদের খাবারের ব্যবস্থাও করতে হচ্ছে। শ্রমিক সঙ্কটের কারণে কৃষকরা বাধ্য হয়ে এসব শর্ত মেনে নিচ্ছেন। আরেক কৃষক নজরুল কাজী জানান, এবার তার জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।