সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী পান্ডারখাল বাঁধ বর্তমানে বালু-পাথর মজুদ ও পাথর ভাঙার কার্যক্রমে দখল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অবৈধ দখল ও বাণিজ্যিক কার্যক্রমের কারণে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ এই বাঁধের পরিবেশ, সৌন্দর্য ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাঁধের দুই পাশে বিপুল পরিমাণ বালু ও পাথর মজুদ করা হচ্ছে। পাশাপাশি পাথর ভাঙার ক্রাশার মেশিন পরিচালনার কারণে এলাকাটি শিল্পকারখানার পরিবেশে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব কার্যক্রমের ফলে বাঁধসংলগ্ন বহু গাছ কেটে ফেলা হয়েছে এবং বাঁধের আয়তনও সঙ্কুচিত হয়ে পড়ছে। সরেজমিন দেখা যায়, শ্যামলবাজারসংলগ্ন পান্ডারখাল বাঁধের বিস্তীর্ণ অংশ বালু-পাথরের স্তূপে ভরে গেছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এক সময় যেখানে মানুষ অবসর সময় কাটাতেন, সেখানে এখন ভারী নির্মাণসামগ্রী ও পাথর ভাঙার যন্ত্রপাতির আধিপত্য দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘এই বাঁধ শুধু একটি সড়ক নয়, এটি এলাকার ফসল ও মানুষের নিরাপত্তার সাথে জড়িত। কিন্তু বর্তমানে অবৈধ বালু-পাথর ব্যবসার কারণে বাঁধটি ক্ষতির মুখে পড়েছে।’ ইউপি সদস্য জুয়েল আহমদ জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও স্থায়ীভাবে অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাঁধটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।’



