রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে নিহত হয়েছেন এক বাংলাদেশী যুবক। নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় যান সুরুজ। সেখানে একটি কোম্পানিতে কাজ করার পর বেশি বেতনের প্রলোভনে রুশ সেনাদের সাথে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যোগ দেন। তিনি একটি ক্যাম্পে রান্নার কাজ করতেন। সম্প্রতি ওই ক্যাম্পে মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয় বলে পরিবারকে জানিয়েছেন রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশী।

গত বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মা নুরজাহান বেগম ও বোন শারমিন আক্তারের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, আমার ছেলে এভাবে মারা যাবে কখনো ভাবিনি। আমি দালালদের বিচার চাই এবং দ্রুত ছেলের লাশ দেশে ফেরত চাই। বড় বোন শারমিন আক্তার বলেন, বিদেশে যেতে আমরা নিষেধ করেছিলাম। কিন্তু দালালদের প্রলোভনে সে চলে যায়। এখন সরকারের কাছে অনুরোধ, যেন দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।