নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি পাভেলকে

Printed Edition

আদালত প্রতিবেদক

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় মুহাম্মদ শামীম নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

গত ১৫ জুলাই মামলাটিতে পাভেলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো: ওমর ফারুক। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। শুনানি উপলক্ষে পাভেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে পাভেলকে গ্রেফতার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। অন্য দিকে আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী তাকে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাভেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী যুবক মুহাম্মদ শামীম। একপর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদি হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।