মা-বাবাকে সময় দিলে বেতন!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কল্পনা করুন, চাকরির বাজারে হন্যে হয়ে ঘুরেও মিলছে না প্রত্যাশিত কাজ। এ পরিস্থিতিতে যদি নিজের মা-বাবাই আপনাকে মাসিক বেতনের বিনিময়ে ‘পূর্ণকালীন সন্তান’ (ফুলটাইম চিলড্রেন) হিসেবে নিয়োগ দেন, তবে বিষয়টি কেমন হবে? শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও চীনের বর্তমান তরুণ প্রজন্মের কাছে এটি এখন এক বাস্তবতা।

চীনে বর্তমানে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা ও বেকারত্বের কারণে অনেক তরুণ প্রথাগত চাকরির আশা ছেড়ে দিয়ে মা-বাবার ‘ফুল টাইম’ কর্মচারী হিসেবে কাজ করতে পছন্দ করছেন। এর বিনিময়ে মা-বাবা তাদের নির্দিষ্ট পরিমাণে মাসিক বেতনও প্রদান করেন। এই বেতনের পরিমাণ সাধারণত ১ হাজার থেকে পাঁচ হাজার ইউয়ানের মধ্যে হয়ে থাকে, যা মূলত নির্ভর করে মা-বাবার পেনশন বা মাসিক আয়ের ওপর।

একজন ‘ফুল টাইম চাইল্ড’ হিসেবে এই তরুণদের দায়িত্ব মোটেও হালকা নয়। তারা তাদের মা-বাবাকে সার্বক্ষণিক সঙ্গ দেন এবং প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া আধুনিক প্রযুক্তির সাথে মা-বাবাকে অভ্যস্ত করা, যেমন- মোবাইল অ্যাপ চালানো শেখানো, অনলাইনে প্রয়োজনীয় কেনাকাটা করে দেয়া, গাড়ি চালানো এবং মা-বাবার ভ্রমণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করার মতো কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন তারা।

শিয়াওইয়া নামের এক তরুণীর গল্পটি এখানে প্রাসঙ্গিক। সহকর্মীদের বাজে ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে তিনি আগের চাকরিটি ছেড়ে দেন। এরপর সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সময় তিনি মা-বাবার অধীনে মাসিক তিন হাজার ইউয়ানের বিনিময়ে ১৫ মাস ‘ফুলটাইম চাইল্ড’ হিসেবে দায়িত্ব পালন করেন।