যুক্তরাষ্ট্রে ইরাকি ফুটবলারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চার দশক পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে যুদ্ধবিধ্বস্ত ইরাক। তবে টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দলের অন্যতম তারকা ফরোয়ার্ড আইমান হোসেনকে।

ইরাকি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন সীমান্ত ও অভিবাসন কর্মকর্তারা হোসেনকে আলাদা করে নিয়ে যান। এরপর কয়েক ঘণ্টা ধরে তার পরিচয় ও ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাই করা হয়। এই সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনও পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ প্রক্রিয়া শেষে হোসেনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হলেও দলের অফিসিয়াল ফটোগ্রাফার তালাল সালাহের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরাক ফুটবল দলের প্রতিনিধিরা ঘটনাটি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য না করলেও বিষয়টি দেশটির ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে। অন্য দিকে মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

বিশ্বকাপ নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হোসেন। তার গোলেই প্লে-অফে জয় পেয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরাক। ফলে যুক্তরাষ্ট্রে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সমর্থকদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

এ দিকে দলের আগমন উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ইরাকি সমর্থক। জাতীয় পতাকা হাতে প্রিয় ফুটবলারদের স্বাগত জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে উচ্ছ্বসিত সমর্থকদের খেলোয়াড়দের সাথে ছবি তুলতে এবং শুভেচ্ছাবিনিময় করতে দেখা যায়।

বিশ্বকাপে ইরাক গ্রুপ ‘আই’-এ খেলবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে ফেরা ইরাক এখন মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে।