মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আইসিসির এপ্রিলে মাসের সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানা। এই জায়গায় তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের জতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।

এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ম্যাচজয়ী পারফরম্যান্সের কারণে মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান এই পেস। কিউইদের বিপক্ষে খেলা তিন ওয়ানডেতে ১৬.৭৫ গড়ে ৮টি উইকেট নেন তিনি। যার ইকোনমি রেট ছিল ৪.৪৬। মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের পাঁচ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন তিনি। ৩২ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট। এছাড়া প্রথম ও তৃতীয় ওয়ানডেতে তিনি যথাক্রমে একটি ও দু’টি উইকেট নেন। তিন ওয়ানডেতে তার অসাধারণ বোলিংনৈপুণ্যে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। আর সিরিজসেরা নির্বাচিত হন নাহিদ রানা।

নাহিদ রানার এপ্রিল মাসের সেরার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ওমানের টপঅর্ডার ব্যাটার ও অধিনায়ক জতিন্দর সিং। তিনি গত মাসে ওয়ার্ল্ড কাপ লিগ-২তে পাঁচ ওয়ানডে ব্যাট হাতে করেছেন ২৬৬ রান। যার গড় ছিল ৫৩.২০ ও স্ট্রাইক রেট ১১৫।

অপর প্রতিদ্বন্দ্বী আরব আমিরাতের বাঁ হাতি তরুণ পেসার অজয় কুমার ওমানের বিপক্ষে ২৭ এপ্রিল ৩৫ রানে নেন ৬টি উইকেট। এর আগে ২৫ এপ্রিল নেপালের বিপক্ষে ৩৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩টি উইকেট। মাত্র দুই ওয়ানডেতে ৯ উইকেট নিয়ে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।