কানের মঞ্চে সম্মানিত জুলিয়ান মুর, উদীয়মান স্পাম্পিনাতো

Printed Edition
কানের মঞ্চে সম্মানিত জুলিয়ান মুর, উদীয়মান স্পাম্পিনাতো
কানের মঞ্চে সম্মানিত জুলিয়ান মুর, উদীয়মান স্পাম্পিনাতো

বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে অনন্য মর্যাদার ‘উইমেন ইন মোশন’ পুরস্কারে ভূষিত হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ও লেখিকা জুলিয়ান মুর। উৎসবের অন্যতম আয়োজক কেরিংয়ের চেয়ারম্যান ফ্রাঁসোয়া-অঁরি পিনো, কান উৎসবের সভাপতি আইরিস নোবলখ এবং জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো যৌথভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন। একই মঞ্চে সম্ভাবনাময় ইতালীয় নির্মাতা মারঘেরিটা স্পাম্পিনাতোর হাতে তুলে দেয়া হয় ‘ইমার্জিং ট্যালেন্ট’ পুরস্কার।

কেরিং ও কান উৎসবের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ পুরস্কারের একাদশতম আসরটি বসেছিল তারকাদের এক জমকালো চাঁদের হাটে। গৌরবময় এই মূহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্য পার্ক চ্যান-উক, ডেমি মুর, ক্লোয়ি চাও, রুথ নেগা, লরা ওয়ান্ডেল, ডিয়েগো সেসপেডেস, আইজ্যাক ডি বাঙ্কোলে, পল ল্যাভার্টি এবং স্টেলান স্কার্সগার্ড। জুরি বোর্ডের পাশাপাশি ‘আঁ সর্তা রিগার’ বিভাগের বিচারকেরাও এই আনন্দ আয়োজনে শামিল হন।

পুরস্কার বিতরণী সন্ধ্যাটিকে আরো বর্ণিল করে তোলেন সালমা হায়েক পিনো, ইজাবেল হুপার্ট, হিরোকাজু কোরে-এদা, কোলম্যান ডমিঙ্গো, ডেইজি এডগার-জোনস, রামি মালেক, হ্যারিস ডিকিনসন এবং দক্ষিণ কোরিয়ার তারকা হান সো-হির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের তালিকায় আলো ছড়িয়েছেন ভিকি ক্রিপস, শার্লট লে বন, সেবাস্টিয়ান স্ট্যান, জেরাল্ডিন নাকাশে, ওডেসা অ্যাজিওন, পিয়েরে নিনি, বারবারা প্রাভি, ভাসিলি স্নাইডার, আর্থার ফিলস, কার্লা ব্রুনি, অ্যালেক্স লুটজ এবং লরে ক্যালামির মতো শোবিজ অঙ্গনের একঝাঁক উজ্জ্বল নক্ষত্র।