নিজস্ব প্রতিবেদক
দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিতসহ চার দফা দাবি জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
গতকাল এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে হঠাৎ করেই হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ইতোপূর্বে সাড়ে চারশ’ ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক এবং একটি স্বাধীন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য চরম উদ্বেগের বিষয়। সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণেই আজ পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।
পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে কার্যকর ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ করছি, জনস্বাস্থ্যের এই চরম সঙ্কটের মুহূর্তেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান হচ্ছে না। রোগ ছড়ানোর উৎস চিহ্নিত করা, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে দেশের মানুষকে, বিশেষ করে কোমলমতি শিশুদের রক্ষা করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের কাছে তিনি চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. দেশের প্রতিটি অঞ্চলের জন্য অবিলম্বে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করতে হবে। ২. আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিক্যাল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ৩. দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করতে হবে এবং ৪. রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।
এ সময় গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সবস্তরের নেতাকর্মী ও সাধারণ জনশক্তিকে স্ব-স্ব এলাকায় হামে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এই মহামারীতে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। একই সাথে আক্রান্তদের দ্রুত সুস্থতা দান করার জন্য দোয়া করেন তিনি।
মালয়েশিয়ার পাস প্রেসিডেন্টের সাথে মতবিনিময় : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে গতকাল মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এমপির সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপি। মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে : মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সোমবার হাসপাতালে গিয়ে তিনি বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে দোয়া করেন। এ সময় মিয়া গোলাম পরওয়ারের সাথে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার জনসংযোগ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি গতকাল সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা, তালতলা তাসফির মসজিদ এলাকায় জনসংযোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরীসহ এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। আজ বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় কামাল হোসেন এমপি : দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সফর উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ সব প্রবাসী কর্মীদের (রেমিট্যান্স যোদ্ধা) লাশ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এই প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে কথা বলার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কিভাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মো: নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের সদস্য ও ব্যবসায়ী এম আই ছোটন।



