ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ লড়াই ‘ফিনালিসিমা’। ২০২৪ উয়েফা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের এই লড়াইটি মূলত ২০২৬ বিশ্বকাপের আগেই হওয়ার কথা ছিল। গত মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে পরে তা বাতিল হয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ফিনালিসিমা নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দুই দলের মধ্যকার এই দ্বৈরথটি এখন প্রতিশোধের লড়াই হিসেবে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মূলত গত মার্চ মাসের ২৭ তারিখে কাতারে এই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সেই ম্যাচটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে মাদ্রিদ বা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের গুঞ্জন উঠলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের ফুটবল ফেডারেশন ও ফিফার সমঝোতায় ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারে একই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের জন্য নতুন করে চেষ্টা চলছে। কাতার সরকারের কাছে স্টেডিয়ামটির স্বত্ব থাকায় এবং ফিফার তরফ থেকে ম্যাচটি আয়োজনের জোরালো আগ্রহের কারণে চলতি বছরই এই হাই-ভোল্টেজ ম্যাচটি আয়োজনের পথ প্রশস্ত হচ্ছে।
উয়েফা বা কনমেবল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা না হলেও ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি চলতি বছরের নভেম্বর মাসে কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই মহারণ আয়োজিত হলে বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণে পরিণত হবে এই ম্যাচটি, এতে কোনো সন্দেহ নেই। তবে লিওনেল মেসি এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না- তার ওপর নির্ভর করছে এই দ্বৈরথের মূল আকর্ষণ।



