ভাইয়ের হাতে ভাই নিহত
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন গোলাম হোসেন (৪৬)। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গত মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গোলাম ঐ এলাকার রেহেসান আলীর ছেলে। নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, বন্যার পরকিয়ার বলি হলো তার স্বামী গোলাম হোসেন। কোনো কারণ ছাড়াই বন্যা তার স্বামীর সাথে বিতন্ডায় লিপ্ত হয় এবং ডেকে আনে পরকীয়া প্রেমিক সামিরুল ইসলাম কালুকে। খালাতো ভাই হয়েও কালু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামীকে। মেহেরপুর প্রতিনিধি
মৎস্যচাষিকে বিভিন্ন উপকরণ প্রদান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চার মৎস্যচাষিকে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল এই উপকরণ প্রদান করা হয়। উপকারভোগী মৎস্যচাষিদের অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ প্রদান করা হয়।
বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ডুমুরিয়ায় পুড়িয়ে গৃহবধূ হত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পেট্রল ঢেলে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মিকশিমিল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানান যায়, ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের জনি গাজী (৩০) খর্ণিয়াস্থ একটি তেলপাম্পে কাজ করত। সম্প্রতি পেট্রল সঙ্কট হওয়ায় পাম্প থেকে জনি গাজী তা বাড়িতে পাচার করত। ঐ পেট্রল জনির স্ত্রী বীথি (২৬) বাড়িতে বেশি দামে বিক্রয় করত। মঙ্গলবার দুপুরে পেট্রল বিক্রির টাকার হিসাব নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে জনি গাজী ঘর থেকে পেট্রল এনে বীথির শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর বাবর আলী জানান, ঘটনা জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
জেলেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন পটুয়াখালীর দশমিনা উপজেলার আট শতাধিক জেলের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য দফতর প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তপন মজুমদারসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের গোয়াল ঘরের সিঁধ কেটে দু’টি হালের বলদ চুরি করেছে চোর চক্র। গত মঙ্গলবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের নাকুড়গাছী মহল্লার লাভলু মন্ডলের বাড়ি থেকে এই চুরি সংঘটিত হয়। সিরিজ চুরিতে আতঙ্ক বিরাজ করছে কৃষকদের মাঝে। লাভলু জানান, মঙ্গলবার রাত ১টার সময় গরুর গোয়াল ঘর পরিষ্কার করে ঘুমিয়ে যান। ভোরে তার স্ত্রী ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরে গরু নাই। তিনি আরো জানান, তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল হালের বলদ দুটি। টাকার বিনিময়ে অন্যের জমি চাষ করে সংসার চালাতেন। বলদ দুটি চুরি হওয়াই এখন তিনি সংসার চালানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (১৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাবু নামে আরো একজন আহত হয়েছেন। ধান মাড়াইয়ের সময় মাড়াই মেশিনের বিদ্যুৎসংযোগে স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। গতকাল সকালে উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুল একই গ্রামের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ইঞ্জিনচালিত ট্রলিগাড়িতে ধান পরিবহন করে ষাটবাড়িয়া গ্রামে মলাজ উদ্দীনের বাড়িতে এনে বৈদ্যুতিক মেশিনে মাড়াই করছিলেন। বিদ্যুৎচালিত ধান মাড়াই মেশিনের ছেঁড়া তারের সংস্পর্শে শামীম ও বাবু বিদ্যুৎস্পৃষ্ট হন। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
সিলিং ফ্যান পড়ে ২ শিক্ষার্থী আহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে সামি (৭) এবং একই এলাকার খায়ের খানের মেয়ে নাফিজা নূর (৮)। বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় অন্যান্য দিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে ফ্যানের নিচে থাকা দুই শিক্ষার্থী আহত হয়। এ সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
বোয়ালমারীতে কৃষকের লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দোহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল শেখ। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার শেখের ছেলে । বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
২ আসামির পলায়ন
ব্রাহ্মণবাড়িয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছে। এ সময় তাৎক্ষণিক অভিযানে একজনকে আটক করা গেলেও অপর আসামি এখনো পলাতক রয়েছে। গত মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানা থেকে গ্রেফতার আসামিদের আদালতের হাজতখানায় নেয়ার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতের প্রধান ফটকের কাছে পৌঁছালে সুযোগ বুঝে দুই আসামি দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ সজল (২৯) নামে একজনকে আটক করে। তবে অপর আসামি শাহীন (২৯) পালিয়ে যেতে সক্ষম হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি



