প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকছেন নেইমার!

Printed Edition
প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকছেন নেইমার!
প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে গত মাসে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয়, গ্রেড-২ মাসল টিয়ার তার। পায়ের এই মাংসপেশির সেই চোট কাটিয়ে উঠতে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম এই গোল স্কোরার। ফলে উত্তর আমেরিকা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাবে না ব্রাজিল, এটা একরকম নিশ্চিত। এমনকি হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভয়াবহ হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। চোট, ফিটনেস সঙ্কট এবং নানা বিতর্ক পেছনে ফেলে অবশেষে বিশ্বকাপ দলে ফিরেছিলেন তিনি। তাই নতুন এই চোট ব্রাজিল শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফরাসি ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনো দলের সাথে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। তার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়ে আরো বেশি জটিল হয়ে পড়েছে। জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিল, তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। পুরোপুরি সুস্থ হতে একা একা জিম এবং সাইক্লিং করে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়ায় কিছুটা জটিলতা দেখা দেয়ায় মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার সম্ভাবনা এখন শূন্যের কোঠায় সান্তোসের রাজপুত্রের।

দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো অ্যানচেলোত্তি এবার অনেক আলোচনা-সমালোচনার পর বিশ্বকাপের দলে ডেকেছিলেন নেইমারকে। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে নিজেও তার এই চতুর্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই তার অনুপস্থিতি দলের কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে কোচ আনচেলত্তিকে। মেডিক্যাল টিমের একটি সূত্রের মতে, প্রথম ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অথবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

বিশ্বকাপে এবারের আসরে দলকে নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের সাবেকরা। ১৯৯৪ বিশ্বকাপ জয়ে অবদান রাখা মিডফিল্ডার জিনহো বলেন, ‘ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট নয়, তবে দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে, যারা এক সাথে দারুণ একটি দল গড়তে পারে। আমার মনে হয় তাদের ভালো সুযোগ রয়েছে।’